অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক হল না অ্যারিনা সাবালেঙ্কার। মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। আমেরিকার ম্যাডিসন কিজ় জিতলেন ৬-৩, ২-৬, ৭-৫ ব্যবধানে। ২০০৯ সাল থেকে পেশাদার টেনিস খেলছেন কিজ়। এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ২৯ বছর বয়সে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত করলেন তিনি।
ফেভারিট হিসাবে ফাইনাল খেলতে নেমে ছিলেন শীর্ষবাছাই সাবালেঙ্কা। তাঁর সামনে ছিল হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু পারলেন না। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা কাজে এল না শনিবারের ফাইনালে। রড লেভার এরিনায় এ দিন প্রথম থেকেই খানিকটা নড়বড়ে দেখিয়েছে তাঁকে। বরং কিজ় ছিলেন অনেক আত্মবিশ্বাসী।