বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ হাজার ৩৯৯ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ আওয়ামী লীগের দলীয় লোক। এরা যদি পোলিং, প্রিজাডিং অফিসার হয় তাহলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এদের যোগ্যতাই ছিল তারা ছাত্রলীগ, যুবলীগ করছে কিনা। তাই তাদেরকে প্রশাসন থেকে সরাতে হবে। আমরা চাই না বিএনপির লোকদের নেওয়া হোক। আমাদের দাবি, নিরপেক্ষ লোকদের নিয়োগ দেওয়া হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে।’ রিজভী দাবি করেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহারিন ইসলাম চৌধুরী তুহিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।