‘আদানি’ ইস্যু যা পারেনি, তা-ই পারল ‘ধনখড় বিতর্ক’! রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এবং ঐক্যবদ্ধ ভাবে। চলতি শীতকালীন অধিবেশনের সময় দেশের বিরোধী জোটের ঐক্য-চিত্র ধরা পড়ল এই প্রথম। এর আগে ‘আদানি’ বিষয়ে কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। ছিল না আপ-ও। ‘ধনখড়’ ইস্যু একজোট করল সবাইকে।ধনখড়ের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাবে ৬০ সাংসদের সই রয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকের সাংসদের রয়েছেন তালিকায়। পাশাপাশি সই রয়েছে আরজেডি, জেএমএম, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ)-সহ ‘ইন্ডিয়া’র সব শরিক দলের সাংসদের। ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেবেন তাঁরা। তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ জানান, বিরোধীরা সকলে মিলেই অনাস্থা প্রস্তাবে সই করেছেন।
তৃণমূলের রাজ্যসভা নেতা ডেরেক ও’ব্রায়েন গত বুধবার এ প্রসঙ্গে বলেছিলেন, “সংসদে বিজেপির কুকীর্তিকে প্রকাশ্যে আনার সার্বিক কৌশলের ক্ষেত্রে আমরা সবাই একজোট। তবে বিভিন্ন দলের সেই কৌশলকে বাস্তবায়িত করার বিভিন্ন উপায় থাকতেই পারে।” কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, দলের সাংসদ গৌরব গগৈ ধর্নায় উপস্থিত থাকার অনুরোধ করে বুধবার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে সুদীপ জানান, তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্থির হয়েছে, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা-সহ সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত মোট ছ’টি বিষয় নিয়েই তাঁরা সরব হবেন। আদানিকাণ্ড সেই তালিকায় নেই। আদানি ইস্যু যা পারেনি ধনখড় বিতর্ক সেটাই করে দেখাল।