মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছেন তা যথেষ্ট নয়: মান্না

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই-আগস্টের আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে, তা তাদের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সু-চিকিৎসা এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবিতে’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ব্যানারে এই অনশন কর্মসূচি আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা (সরকার) তাদের জন্য একেবারেই করছেন না এমন আমি বলবো না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাদের জন্য যথেষ্ট নয়।

হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকার প্রধানকে, প্রধান শাসককে, তিনি বলবেন, এদের দায়িত্ব আমরা নিলাম। তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তারা (আহতরা)?  কারণ তারা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে।

বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাদের অনশন ভাঙান মাহমুদুর রহমান মান্না।এ সময় ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্য সচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।


এই বিভাগের আরো খবর