আসিফা আশরাফী পাপিয়া বলেন, বাংলাদেশের মাটি কামড়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনের পথ ধরেই নেত্রী খালেদা জিয়া কারাবরণ করেছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছেন।
ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১১ মাসের সন্তানসম একটি রাজনৈতিক দল এনসিপি তৈরি করেছেন। এই দলের মাধ্যমে দেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। লাগাম আমাদের রক্ত এই মাটির সাথে মিশে আছে। সেই জায়গা থেকে এনসিপিকে বলছি অবিলম্বে আওয়ামী লীগের পথে বিএনপি যাবে বলে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করুন। আমাদের ভারতের হাসিনার পথ দেখাবেন না। সেই পথে আপনারা যাবেন, আমরা নয়।
বর্তমান সরকার ও এনসিপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার ও এনসিপি মনে করে, জামায়াতকে সাথে নিয়ে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছে, তাতে তারাই মুখ্য ভূমিকা পালন করেছে। অথচ, যখন আমরা বলি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছিল, তখন তারা আমাদের আ.লীগের ভাষায় কথা বলার অভিযোগ তোলে। কিন্তু ইতিহাস প্রমাণ করে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল। এনসিপিরা বলছে, আওয়ামী লীগকে যেভাবে উৎখাত করা হয়েছে, বিএনপিকেও সেভাবে উৎখাত করা হবে। এসব হুমকি দিয়ে কিছু হবে না।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।