জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলোর একটা শিডিউল দেওয়া হয়। সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না। এটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। সব নির্বাচনই কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদের অতটুকু অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম, মুসতাক আহমেদ ও সেলিম আকবার।