শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

‘আমার জানেরা চোখের সামনে পানিতে তলি গেলে বলে জাহেরার আহাজারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

‘ব্যাটা (ছেলে) তুমাক (তোমাকে) বুলনু (বললাম) তুমি বাঁশ লিয়ে (নিয়ে) নামো গাঙ্গে (নদীতে)। কিন্তু তুমি শুনলে না। ওগো আমি তুমাকে (তোমাকে) বুলনু চরাট (বাঁশের মাচা) নিয়ে নামে। তুমি অতো পানিতে লহালুট করলে। পশ্চিমপাড়ার লায়ে (নৌকা) চড়লে আমার স্বামী হারাতো না। আমার জানেরা চোখের সামনে পানিতে তলি (তলিয়ে) গেলে।’

বিলাপ করতে করতে তিনি বলেন, স্রোতের কারণে নৌকার ডুবে যাওয়া দেখে আমার ব্যাটা ভ্যাবাচ্যাকা (দিশেহারা) খ্যাঁ গেছে। আমি বুলছি পশ্চিমে লা (নৌকা) করো পশ্চিমে লা (নৌকা) করো। আর হ্যালে (বৈঠা) কথা শুনেনি। পেছন থেকে পানি উঠে গেছে। আমি বুলছি ওরে তুমরা (তোমরা) ঝাও ফেলে দাও। গ্যারাপি লিয়ে ব্যাটা ঝাওয়ের গাছে লাথি খুচে দিসে। আমি বুলছি ব্যাটা (ছেলে) হলো না। ব্যাটা (ছেলে) তুমি বাঁশ ধরে ভাসো। স্বামীকে বুলছে- তুমি চরাটখান লি (নিয়ে) ভাসো। পাশে চরাট লি (নিয়ে) একটা প্যাট (শ্রমিক) ভ্যাসি (ভেসে) আছে। ওই (স্বামী) বুলছে- এই তুমি চরাট লি (নিয়ে) দূরে ভ্যাসি (ভেসে) যাও। বলে ধাক্কা দি (দিয়ে) পানিতে ডুবি গেলো। মেলাখুন সাঁতরিয়ে (সাঁতার দিয়ে) আর মুখ জাগাতে পারেনি। আমি আর দেখতে পানুনে (পেলাম না)।’

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর চরখানপুরের পদ্মা নদীর চর থেকে ঝাওগাছ নৌকায় বোঝাই করে নিয়ে আসার পথে নৌকাডুবিতে পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার আলী (৬০) তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০) নিখোঁজ হন। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান। তারা রাজশাহীর বড়কুঠি এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হলেও স্রোতের বিষয়টি মাথায় রেখে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

সবুজ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, তারা পদ্মার চর থেকে ঝাওগাছ ও খর কেটে নিয়ে আসেন। তারপর সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। এমনভাবে তারা দীর্ঘ বছর ধরে এই কাজ করে আসছেন। তবে সাধারণত তারা  বাবা-ছেলে ও শ্রমিকরা যান। কিন্তু ঘটনা চক্রে আজ জিয়ারুলের মা জাহেরা বেগম গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই সদস্যের এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে ঝাওগাছ কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি ছোট ডিঙ্গি নৌকায় তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এলে হঠাৎ স্রোতের তোরে ডুবে যায়। এ সময় সাঁতার দিয়ে ছয়জন কিনারায় ওঠেন। তবে আফসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। পদ্মা এখন ভরা যৌবনে। প্রতিবছর এই সময়ে মানুষ ডুবে মারা যায়। মানুষকে সাবধান হওয়া উচিত। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টায় পদ্মার রাজশাহী সীমানায় পানির উচ্চতা ছিল ১৪ দশমিক শূন্য ৬ সেন্টিমিটার। আর বিকেল ৩টায় ছিল ১৪ দশমিক ৩ সেন্টিমিটার।


এই বিভাগের আরো খবর