সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আর্থিক ক্ষতি এড়াতে চামড়ায় দ্রুত লবণ ব্যবহারের পরামর্শ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪

এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ-সংরক্ষণের পথে বড় চ্যালেঞ্জ অতিরিক্ত গরম। বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে এতে দ্রুত লবণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির।

সংরক্ষণের চ্যালেঞ্জের মধ্যেই এবার সংগ্রহ করতে হবে কোরবানির পশুর চামড়া। হেলাফেলা করলে চলবে না; কারণ বছরব্যাপী ট্যানারিতে দরকারি চামড়ার অর্ধেকের বেশি আসে এক কোরবানির ঈদেই।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, এটা জাতীয় সম্পদ; এটি সবাইকে রক্ষা করতে হবে। এবার চামড়া সংরক্ষণে বড় চ্যালেঞ্জ অত্যধিক গরম।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব খান বলেন, আবহাওয়া তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। কিছু হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে।
প্রকৃতির এ বৈরিতার সাথে প্রায়ই যুক্ত হয় মৌসুমি ব্যবসায়ী আর পাড়া-মহল্লার কিশোর-যুবকদের হিসেবের গোলমাল। সব ঝুটঝামেলা মিটিয়ে হাত বদল শেষে দ্রুত সংরক্ষণ করতে এবার পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার ভেতরে ৫৫ থেকে ৬০ টাকা, আর ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা, যা গতবারের চেয়ে ৫ টাকা বেশি।

গ্রাফিক্স চিত্রে তিন বছরের লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম।অথচ লবণ ছাড়া চামড়া নিয়ে এসেই সরকার নির্ধারিত দামের দাবি তোলেন বিক্রেতারা। এমন অভিজ্ঞতা তুলে ধরে আড়ত মালিকরা বলছেন, লবণের দামসহ একটি মাঝারি চামড়া সংরক্ষণ করতে খরচ পড়ে যায় প্রায় ৩০০ টাকা। তাই কোরবানি দাতার কাছ থেকে চামড়া কেনার সময়ই হিসাব কষে কেনার পরামর্শ দিচ্ছেন তারা।
মো. আফতাব খান বলেন, চামড়া সংরক্ষণে খরচ রয়েছে। তাছাড়া শ্রমিক খরচতো রয়েছেই। তাই চামড়া হিসাব করে কেনা উচিত। ট্যানারি মালিকদের আশ্বাস, সংরক্ষণ ভালো হলে, ভালো দাম পাবেন ব্যবসায়ীরা। বিটিএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, গরুর চামড়া কেনার সাথে সাথে ৭-৮ কেজি লবণ মাখিয়ে নিতে হবে। এতে নষ্ট হবে না চামড়ার গুণগত মান।দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী চামড়া শিল্পে দরকারি এ কাঁচামাল সংরক্ষণে জটিলতা এড়াতে অন্য জেলার চামড়া অন্তত ৭ দিন ঢাকার ভেতরে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, মসজিদ-মাদরাসা থেকে যারা চামড়া সংরক্ষণ করবেন, তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে লবণ দেয়া হয়েছে। জটিলতা এড়াতে এবার অন্তত ৭ দিন অন্য জেলার চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না। ঢাকার চামড়াও বাইরে যেতে দেয়া হবে না। এবার ঈদ কেন্দ্রিক এক কোটি পিসের বেশি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের।


এই বিভাগের আরো খবর