বাবা বিশ্বনাথ সাহা তাঁকে ‘বংশের কলঙ্ক’ বলেছেন। তাঁর সব সম্পত্তি বেআইনি বলেও দাবি করেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আদালত চত্বরে শনিবার জানালেন, তাঁর বাবা কেন এই কথা বলেছেন, তা তিনি জানেন না। তবে তিনি ব্যবসায়ী পরিবারের ছেলে। তাঁদের টার্নওভার কোটি কোটি টাকা বলেও দাবি করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন। প্রসঙ্গত, জীবনের সঙ্গে তাঁর বাবার ‘সুসম্পর্ক’ সর্বজনবিদিত। শনিবার আদালত চত্বরে ইডির হাতে গ্রেফতারি নিয়েও মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক।

জীবন এবং তাঁর স্ত্রী টগরি সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় ৪৬ লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে, যা সন্দেহজনক বলে মনে করছে ইডি। এর মধ্যে অর্ধেকের বেশি জমা পড়েছে টগরির অ্যাকাউন্টে, প্রায় ২৬ লক্ষ টাকা। মাত্র চার মাসে (২০২০ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে) এই টাকা জমা পড়েছে টগরির অ্যাকাউন্টে বলে অভিযোগ। এই প্রসঙ্গে জীবন বলেন, ‘‘স্ত্রীর অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, সেটা সাত বছরের। ভিডিয়ো ভুয়ো। অনেক কিছু বানানো হবে। আমরা তো বিধায়ক।’’