মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

উড়োজাহাজে ‘মালিকবিহীন স্বর্ণ’ পেলে এয়ারলাইনের বিরুদ্ধেও ব্যবস্থা

আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

দেশে কোনও উড়োজাহাজে ‘মালিকবিহীন স্বর্ণ’ পাওয়া গেলে এখন থেকে এয়ারলাইনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এর আগে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে সোনা চোরাচালানে জড়িত থাকার প্রমাণ পেলে এয়ারলাইনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন।  চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইটে স্বর্ণ আনার অভিযোগ অনেক পুরনো। এছাড়াও উড়োজাহাজের অনেক স্পর্শকাতর জায়গা থেকেও স্বর্ণ উদ্ধারের নজির রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এসব স্থানে উড়োজাহাজের কর্মী ছাড়া কোনোভাবেই সেখানে স্বর্ণ রাখা সম্ভব না। সেক্ষেত্রে উড়োজাহাজের কর্মীরাও স্বর্ণপাচারের সঙ্গে যে জড়িত, সেটিই প্রতিয়মান হয়। বর্তমানে স্বর্ণ চোরাচালান নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছি আমরা। আর তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘উড়োজাহাজের অভ্যন্তরে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে, আর সেটি যদি স্পর্শকাতর স্থান হয়ে থাকে, তবে অবশ্যই ওই এয়ারলাইন্সসহ পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে আগের মতো আর কোনও ছাড় দেওয়া হবে না।’


এই বিভাগের আরো খবর