উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। এখানে কোন রোগী সরকারী সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে। কোন রকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক।
মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক গুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতালে দেখলাম, তার মাঝে রূপগঞ্জের এ হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক বিগ্রেডিয়ার মাইনুল হাসান, হাসপাতাল পরিদর্শক ডাক্তার আবু হোসেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্রসাহা’সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীসহ আরও অনেকে।
মতবিনিময় সভা শেষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।