সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের মতো বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে ডিএসসিসির নগর ভবনের সামনে এসে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে নগর ভবনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। নগর ভবনে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ।
সকাল ১০টার দিকে ইশরাক হোসেনের সমর্থকদের একটি অংশ মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে ইশরাক সমর্থকদের আরেকটি অংশ কাকরাইল মসজিদের সামনের সড়কে তথা যমুনায় পাওয়ার সড়কে অবস্থান নেন।
সেখানে অবস্থান নিয়ে তারা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’; ‘দফা এক দাবি এক, আসিফ ও মাহফুজের পদত্যাগ’; ‘আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’ স্লোগান দেন। দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্তও সেখানে তারা অবস্থান করছিলেন।
কাকরাইলে আন্দোলনে অংশ নেন বংশালের বাসিন্দা মেহেদী হাসান। তিনি বলেন, ‘ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিটা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সব স্তরের নেতারা এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। এ দাবি আদায় না হলে কেউ রাজপথ ছাড়বে না।’