রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

এই গরমে আম-কাসুন্দি চিংড়ি

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পালা-পার্বণের দিনে চিংড়ির মালাইকারি বাঙালি হেঁশেলের জনপ্রিয় পদ। এ ছাড়া, ভাজা, ভাপা, ডাব, সর্ষে চিংড়ি— পদের কোনও কমতি নেই। তবে, রাঁধতে ভালবাসলে আর ভোজনরসিক হলে, এর বাইরেও নতুন কিছুর খোঁজ থাকবেই। কাঁচা আমের মরসুম শেষ হওয়ার আগে রেঁধে ফেলুন আম-কাসুন্দি দিয়ে চিংড়ি। টক-ঝাল স্বাদের, ঝাঁঝালো এই চিংড়ির পদ অন্য চেনা খাবারের চেয়ে অনেকটাই ভিন্ন স্বাদের। গরম ভাতে জমবে দারুণ।

উপকরণ

৩৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি

একটি কাঁচামিঠে আম
২ টেবিল চামচ কালো সর্ষে

১ টেবিল চামচ সাদা সর্ষে

২ টেবিল চামচ পোস্ত

৫-৭টি কাঁচালঙ্কা

১ টেবিল চামচ কাসুন্দি

১ চা-চামচ চিনি

স্বাদমতো নুন

আধ চা-চামচ হলুদ

প্রণালী: কাঁচামিঠে আম নিলে, টক ভাব কম হবে। অন্য আম দিয়েও করতে পারেন। সে ক্ষেত্রে আম টক হলে সেটি কম পরিমাণে নিতে হবে। আম কেটে মিক্সারে ঘুরিয়ে নিন বা মিহি করে শিলে বেটে নিন। সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ, নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নুন-হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে নিন। যোগ করুন কাঁচা আমের ক্বাথ। আঁচ কমিয়ে কিছু ক্ষণ কষিয়ে দিয়ে দিন পোস্ত-সর্ষে বাটা। দিয়ে দিন স্বাদমতো চিনি। আঁচ কমিয়ে কিছু ক্ষণ রান্না হতে দিন। একেবারে শেষ ধাপে যোগ করুন কাসুন্দি, চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল। মিনিট পাঁচেক রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের পাতে খেতেই তা সবচেয়ে ভাল লাগবে। বাসন্তী পোলাওয়ের সঙ্গেও খাওয়া যাবে।


এই বিভাগের আরো খবর