জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে। আটকের পর ডিবি কার্যালয়ে তাদের বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দুই অভিনেত্রীর বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তাদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ডিবি সূত্রে জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।