আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ‘লালবাজার অভিযান’ ঘিরে উত্তেজনা। বুধবার দুপুর দেড়টা নাগাদ কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। কিন্তু মিছিল ফিয়ার্স লেন ধরে লালবাজারের দিকে এগনোর সময়েই সেটিকে বাধা দেয় পুলিশ। ব্যারিক়েড করে আটকে দেওয়া হয় মিছিল। পুলিশি বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীদের একাংশ। এর পরই শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকর্মীরাও আগে থেকেই প্রস্তুত ছিলেন। বেশ কয়েক জন কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, মিতা চক্রবর্তী, সন্তোষ পাঠক, রোহন মিত্র-সহ আরও অনেককে আটক করা হয়েছে। তাঁদের পুলিশের ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।