একের পর এক বিমানে বোমাতঙ্কের আঁচ এসে পড়েছে কলকাতা বিমানবন্দরেও। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত সাতটি বিমানে সোমবার বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরে দেখা যায়, সবগুলি বিমানেই বোমা রাখার ভুয়ো তথ্য ছড়িয়েছিল। বিমানবন্দরের আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ক্ষেত্রও সমাজমাধ্যম থেকেই ভুয়ো খবর ছড়ানো হয়েছিল।
ওই সমাজমাধ্যম ব্যবহারকারীর প্রোফাইলের নাম ছিল ‘আই ওয়ান্না স্লিট ইওর থ্রোট’। অদ্ভুত এই প্রোফাইল নামের বাংলা তর্জমা করলে হয়, ‘আমি আপনার গলা কাটতে চাই’!
সমাজমাধ্যমে বোমাতঙ্ক ছড়াতেই তড়িঘড়ি পদক্ষেপ করে বিমানবন্দরের ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’। এই কমিটির সভাপতি পদে রয়েছেন দমদম বিমানবন্দরের ডিরেক্টরই। জরুরি বৈঠক ডাকা হয় কমিটির। ওই বৈঠকের পর বোমার হুমকিকে ‘অনির্দিষ্ট’ তালিকাভুক্ত করা হয়। তবে কোনও ঝুঁকি এড়াতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করে। যাত্রীরা যাতে কেউ আতঙ্কিত না হয়ে পড়েন, সে দিকেই নজর ছিল বিমানবন্দর কর্তৃপক্ষের।

