সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

এ বারের কোপা আমেরিকায় প্রথম গোল করলেন লিয়োনেল মেসি। তাঁর আর্জেন্টিনাও কানাডাকে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে। বুধবার সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা জিতল ২-০ ব্যবধানে। আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ।

প্রথম মিনিট ৮-১০ প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়টা নিজেদের মতো করে মেসিরা নিয়ন্ত্রণ করলেন খেলার গতি। পেশাদার ফুটবলের নিয়ম মেনে ফাইনালের জন্য শক্তি বাঁচিয়ে রাখলেন তাঁরা। দলগত শক্তি, রণকৌশল বা ব্যক্তিগত ফুটবল দক্ষতা— কোনও ক্ষেত্রেই আর্জেন্টিনাকে তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি কানাডার ফুটবলারেরা। তবে মেসিদের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবলের আশ্রয় নেয়নি উত্তর আমেরিকার দেশটি। আগ্রাসী, ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করেছে। আক্রমণ তৈরির চেষ্টা করেছে। ৫১ মিনিটে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও নিজেদের বক্সে পায়ের জঙ্গল তৈরির চেষ্টা করেনি কানাডা।
সেমিফাইনালে সহজ জয় পেলেও কানাডা কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে মাঠের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ আক্রমণে উঠলে কিছুটা সমস্যায় পড়ছেন বিশ্বজয়ীরা। ফাইনালের আগে এ দিকে নজর দিতে হবে মেসিদের। গোল করার একাধিক সুযোগ পেয়েছিল কানাডাও। কিন্তু অভিজ্ঞতা এবং ফিনিশিংয়ের অভাবে সফল হয়নি তারা।


এই বিভাগের আরো খবর