সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কারা ফটকে শেষবারের মতো ছেলেকে দেখে অঝোরে কাঁদলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

কারাবন্দি দুলাল চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি মাদক মামলায় কারাগারে আছেন। দুলাল বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তার ছেলে আব্দুল্লাহ (২৪) শনিবার (০২ মে) নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ সময় ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দুলাল। অঝোরে কাঁদতে থাকেন। উপস্থিত কারারক্ষী ও স্বজনদের অনেকেই এই মর্মস্পর্শী দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তা বজায় রেখে মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

নিহতের ফুফু সেলিনা বেগম বলেন, শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর এলাকায় ট্রাক্টরের চাপায় আব্দুল্লাহ আহত হয়। পরে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। রামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।

তিনি বলেন, ‘রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের বিস্তারিত জানানো হয়। এ সময় তারা মরদেহ কারা ফটকে নিয়ে আসতে বলেন। আমরা দুপুরে নিহতের মরদেহ কারা ফটকে নিয়ে গেলে ভেতর থেকে দুলালকে নিয়ে আসা হয়। এরপরে দুলাল তার মৃত ছেলের মুখ দেখেন। এ সময় সবাই কান্নায় ভেঙে পড়েন।’

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামির বোন সকালে ফোন করে বিষয়টি জানান। তারা কোনও আবেদন করেননি। এটা একটা মানবিক বিষয় ছিল। নিহতের মরদেহ কারাগারে প্রধান ফটকে নিয়ে আসতে বলা হয়, তারা নিয়ে আসেন। এরপরে নিহত ছেলের মৃত মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান আসামি দুলাল।’


এই বিভাগের আরো খবর