প্রাইভেট জেটে চেপে দিল্লি যাতায়াত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পর্যন্ত এটা খুব স্বাভাবিক মনে হলেও, আজকের পরিস্থিতিতে সেই বিমানযাত্রাই এখন প্রশ্নের মুখে দলের অন্দরেই।
গত বেশ কয়েক বছর ধরেই একটি বেসরকারি সংস্থার প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ব্যবহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে মেঘালয় নির্বাচনে কলকাতার রাধাবাজারের ঠিকানায় নথিভুক্ত ওই সংস্থার বিমান চড়ার জন্য খরচ হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারপর্বে তৃণমূল বিমান এবং হেলিকপ্টার বাবদ খরচ করেছিল ৪৬ কোটি টাকার বেশি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও প্রচারের সময় ওই সংস্থারই হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করেছিলেন অভিষেক। সূত্রের খবর, বছরের বাকি সময়ও ওই সংস্থার বিমান চড়েন অভিষেক। বিমানটি ব্রাজিলের এমব্রায়া সংস্থার তৈরি ইআরজে-১৩৫বিজে লিগাসি ৬০০ মডেলের বিমান। অভিষেক যেটিতে চড়েন সেটির ভিআইপি কনফিগারেশন রয়েছে। বিমান সংস্থাটির সঙ্গে বিমানের ভাড়া বা চুক্তি নিয়ে খোঁজ করার চেষ্টা করলে তাঁদের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। তবে অন্যান্য বিমান সংস্থা যারা এই একই মডেলের প্রাইভেট জেট ভাড়া দেয়, তাদের কাছ থেকে জানা গিয়েছে, এই বিমানের ভাড়া ঘণ্টা প্রতি (ফ্লাইং আওয়ার) ৪ থেকে ৫ লক্ষ টাকা। বিমানের ইঞ্জিন চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত ফ্লাইং আওয়ার বা উড়ান ঘণ্টা হিসাব করা হয়।
দলের এই বিপর্যয়ের মুহূর্তে অভিষেকের চার্টার্ড বিমান ‘বিলাস’ এখন দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে আলোচনার নতুন বিষয়।