কোচের কথা কি তবে মানছেন না অধিনায়ক? অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় হারার পর ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ভারতীয় দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তারই উল্টো সুর শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার গলায়। রোহিতকে সমর্থন করলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর রোহিতদের সামনে প্রশ্ন করা হয় ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে। প্রশ্নটি প্রথমে করা হয়েছিল নির্বাচক প্রধান আগরকরকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বোর্ড এই ধরনের কোনও বাঁধাধরা নিয়ম করেনি। আগরকর বলেন, “এ রকম কোনও বাঁধাধরা নিয়ম করা হয়নি। সময় পেলে ক্রিকেটারদের খেলা উচিত। অনেকের পক্ষেই একসঙ্গে তিনটে ফরম্যাট খেলা সম্ভব হয় না। পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এখন সময় আছে বলে অনেকে রঞ্জি খেলার কথা ভাবছে। দেখতে হবে সকলে ফিট রয়েছে কি না।”
নিজের উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন রোহিত। কেন তিনি দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলেননি তা জানান। রোহিতের কথায়, “আমি নিজের কথা বলতে পারি। ২০১৯ থেকে আমি ধারাবাহিক ভাবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি। তার পরে ঘরোয়া ক্রিকেট খেলার সময়ই পাইনি। সারা বছর ধরে এত আন্তর্জাতিক ক্রিকেট হয় যে, ক্রিকেটারদের বিশ্রামও দরকার। পরের মরসুমের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হয়। সেই সময়ও দরকার। তবে এখন নিয়ম হয়েছে, সময় থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সকলেই সেই চেষ্টা করছে।”