নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে সিবিআইয়ের করা মামলাতেও জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এ বার সেই মামলার শুনানির সময়েও বিচারকের ভর্ৎসনার মুখে পড়লেন পার্থের আইনজীবী। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর উদ্দেশে বিচারকের প্রশ্ন, “আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন?” একই সঙ্গে বিচারকের সংযোজন, “আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কোন আদালতে মামলা থাকবে, সেটা আপনি ঠিক করবেন না।”
বুধবার সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতেও ভর্ৎসিত হতে হয়েছিল পার্থকে। ওই দিন পার্থের আইনজীবী মুকুল রোহতগি প্রাক্তন মন্ত্রীর জামিন চেয়ে সওয়াল করেন। বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে এ ভাবে তাঁর জামিন পাওয়া উচিত নয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ রোহতগির উদ্দেশে বলে, “এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন। তাঁরা তো কেউ মন্ত্রী নন। আপনার মক্কেল মন্ত্রী ছিলেন। তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সমাজকে আমরা কী বার্তা দেব? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি এ ভাবে জামিন পেতে পারেন?”