রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ক্রিকেটের এই নিয়ম কি তবে আইসিসি বদলাচ্ছে

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ক্রিকেটের অনেক নিয়ম প্রায় সময়ই বদলে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোনো নিয়ম কয়েক বছর ধরে চলার পর বোর্ড সদস্যদের মাথায় সেটা পরিবর্তনের চিন্তা কাজ করে। এবার ক্রিকেটের একটি নিয়মে আইসিসি পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আইসিসি এখন ওয়ানডেতে ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম পাল্টানোর চিন্তা করছে। কোনো ইনিংসের ৩৫তম ওভার থেকে একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে চলতি সপ্তাহে জিম্বাবুয়ের হারারেতে। এটার মানে দাঁড়াল ওয়ানডেতে ইনিংসের ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা যাবে। কিন্তু ৩৫তম ওভার থেকে দুই প্রান্তেই একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে। আইসিসি বোর্ডের প্রধান নির্বাহীদের কাছে এমন সুপারিশ করেছে ছেলেদের ক্রিকেট কমিটি। সেখানে বলা হয়েছে, দুটি বলের মধ্যে ইনিংসের ৩৫তম ওভার থেকে কোনটি ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত ফিল্ডিং দল নেবে। অব্যবহৃত বলটি অতিরিক্ত বল হিসেবে রেখে দেওয়া হবে। যদি ব্যবহার করা বলটি হারিয়ে যায় বা নষ্ট হয়, তখন ব্যবহার করা হবে অতিরিক্ত বলটি।

ছেলেদের ক্রিকেট কমিটি ২৫ ওভার পরই একটি বল ব্যবহারের চিন্তা করেছিল। তবে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, এ ব্যাপারে কমিটির সদস্যদের খুব একটা সাড়া পাওয়া যায়নি। তাঁদের মতে দুই প্রান্ত থেকে ১৭ ওভার করে দুই বল ব্যবহার করে ইনিংসের বাকি সময়ে একটি বল বেছে নেওয়াই যথার্থ। বল পরিবর্তনের যে সুপারিশ করা হয়েছে, তাতে এ মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডগুলোকে তাদের মতামত জানাতে হবে। বোর্ডগুলো রাজি হলে ওয়ানডের খেলার নিয়মে সেটা অন্তর্ভুক্ত করা হবে। জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নিয়ম পাল্টাতে আইসিসির বোর্ডের অনুমোদনের দরকার হবে না।

দুটি নতুন বলে বোলিংয়ের নিয়মেই যে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে, তা কিন্তু নয়। আইসিসির কাছে টেস্টে ‘টাইমার থিউরি’ চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রতি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতি দেওয়া হবে। টেস্টে দিনে ৯০ ওভার নিশ্চিত করতেই মূলত এমন ভাবনা। সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই টাইমার চালু আছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে শাস্তির বিধানও রয়েছে। এ ছাড়া ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। যদিও তাতে তেমন সাড়া মেলেনি। এক্ষেত্রে আইসিসি বোর্ডের অনুমতি লাগবে।


এই বিভাগের আরো খবর