অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যাদের নতুন করে স্বৈরাচার হওয়ার খায়েশ জেগেছে তারা গণভোটের রায় মেনে নিতে পারছে না। এদেশের ছাত্র-জনতা নতুন বাংলাদেশে কোনোভাবেই আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেবে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে জনগণ রাজপথে নামলে কারো জন্যই শুভ হবে না। সরকারকে সতর্ক করে তিনি বলেন, অতীত ভুলে গেলে চলবে না। জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সরকারই টিকতে পারেনি, পারবে না।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসানোর আশা করে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোট জালিয়াতি করা হয়েছে। এই জালিয়াতি আগামীতেও হতে পারে। তবে জালিয়াতিকারীরা তাদের কৌশল পরিবর্তন করে বারবার জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এজন্য সর্বস্তরের জনশক্তিকে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছে। কিন্তু জনগণের ভোট কারচুপি করা হয়েছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আগামীতে স্থানীয় সরকার নির্বাচনেও হতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবদুস সালাম প্রমুখ।







