সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ভারতের সঙ্গে বিদ্যমান আন্তঃসীমান্ত পানি বণ্টন সম্পর্কিত চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। এই লক্ষ্যে বর্তমান চুক্তি ও সমঝোতাসমূহ পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন (জেআরসি), বাংলাদেশকে শক্তিশালীকরণ এবং অববাহিকাভুক্ত দেশসমূহ যথা- ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে প্রশ্নোত্তর টেবিলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী এ সব কথা জানান।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য। প্রকল্পটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্বার্থ সংরক্ষণের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ পরামর্শক রাখা হয়েছে বলেও তিনি জানান।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানান, দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী ৫ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর