সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা কমপক্ষে ১৫ জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ‘১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’এ বিষয়ে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।