মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চা বাগানের ঐতিহ্য তুলে ধরে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। পাহাড়, নদী, হাওরে সমৃদ্ধ শহর চা উৎপাদনে সারা বিশ্বে বিশেষ পরিচিত। চা বাগানের সেই ঐতিহ্য এবার ফুটিয়ে তুললেন নিগার সুলতানা ও গ্যাবি লুইস। চা শ্রমিকদের চিরায়ত পোশাক গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড অধিনায়ক।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগের দিন অনুশীলন শুরুর আগে মাঠসংলগ্ন মালনিছড়া চা বাগানে ভিন্ন রূপে হাজির হন নিগার।মাথায় প্যাঁচানো কাপড়, পিঠে ঝুড়ি, গায়ে স্থানীয় পোশাকে পুরোদস্তুর চা শ্রমিক হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যতিক্রম নন লুইসও। প্রায় ১৭৫ বছরের পুরোনো চা বাগানের নবীন দুই কর্মী হিসেবেই যেন আবির্ভূত হলেন দুই দেশের অধিনায়ক।

সিলেটের চা শিল্পের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরতেই বিসিবির এই বিশেষ উদ্যোগ। এর আগে ২০২২ সালে মেয়েদের এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছিল চা বাগানে। ছেলেদের সিরিজেও এর আগে চা বাগানে ট্রফি উন্মোচনের আয়োজন দেখা গেছে। তবে প্রতিবারই নিজ নিজ দলের জার্সি গায়ে ছিলেন ক্রিকেটাররা। পুরোদস্তুর চা শ্রমিক সেজে সবুজ বাগানের মাঝে দাঁড়িয়ে ট্রফি উঁচিয়ে ধরার ঘটনা এবারই প্রথম।এমন আয়োজন হৃদয় ছুঁয়ে গেছে নিগারের। ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, মেয়েদের ক্রিকেটের অগ্রযাত্রায় সহায়ক হবে এসব উদ্যোগ।“অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন… কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।”

“আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।”“প্রথমত ওয়ানডে তারা ভিন্নভাবে খেলেছে, হয়তো কন্ডিশন তাদের কাছে ভিন্ন ছিল। দ্বিতীয় ওয়ানডেতে তারা ভালো ব্যাট করেছে, শেষ ম্যাচেও ভালো ব্যাট করেছে। তাই হালকাভাবে নেওয়ার কোন চিন্তাভাবনা নেই।”বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা।


এই বিভাগের আরো খবর