রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

চেনা ছন্দে নাহিদ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

যেই গতি তাকে দিয়েছিল পরিচিতি, সেই গতির সঙ্গে দূরত্ব বাড়ছিল তার। টানা ম্যাচ খেলার প্রভাবে ক্লান্ত শরীরে পাওয়া যেত না পুরোনো তেজ। তাতে কমতে থাকে সাফল্যের সূচক। বিপিএলে শুরুর নাহিদ রানার পারফরম্যান্স আর শেষের পারফরম্যান্সে আকাশ-পাতাল পার্থক্য। শুরুর ৫ ম্যাচে রংপুর রাইডার্সের জার্সিতে ৯ উইকেট পেয়েছিলেন। টুর্নামেন্ট শেষ করেছেন ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে। গতি কমে যাওয়ায় আক্রমণের ধারও কমে যেতে থাকে। শরীরী ভাষায় ক্লান্তিভার ফুটে উঠে প্রবলভাবে। যদিও নাহিদ রানার দাবি ছিল, ‘‘শরীর ভালো অনুভব করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সহায়তা করছে। তারা বলেছে, তোমার যখন বিশ্রাম লাগবে আমাদের বলবে। তাদের সঙ্গে আমার কথা চলছে। যখন বিশ্রাম লাগবে, আমি তাদের বলব।’’

যদিও ওই বিশ্রামের প্রয়োজন হয়নি তার। টানা খেলার ওপর থাকা নাহিদ টুর্নামেন্ট শেষ করেছেন ওইভাবেই। টানা সাত ম্যাচ খেলার পর এক ম্যাচে বিরতি নিয়েছিলেন। ফিরে এসে খেলেন আবার পাঁচ ম্যাচ। তাতে কমতে থাকে তার বোলিং ধার।

বিপিএলে তার পারফরম্যান্স উঠা-নামা চোখে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্সের।  তবে আশার বিষয়, বিপিএল শেষে জাতীয় দলের অনুশীলনে ফিরে পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন ডানহাতি পেসার। নাহিদকে যেভাবে জাতীয় দলে পেয়েছিলেন সিমন্স সেভাবেই তাকে দেখেছেন সাম্প্রতিক সময়ে।


এই বিভাগের আরো খবর