আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলবে না। তাই হাইব্রিড মডেলেই হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের ফলে লক্ষ্মীলাভ হয়েছে তাদের। ভারত সে দেশে খেলতে না যাওয়ায় বাড়তি ৩৮ কোটি টাকা পাচ্ছে নকভির নেতৃত্বাধীন বোর্ড।
আইসিসি আগেই জানিয়েছিল, ভারতের ম্যাচগুলি অন্য দেশে হবে। কোন দেশে হবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, দুবাইয়ে হতে পারে ম্যাচগুলি। যেহেতু পাকিস্তান আয়োজক দেশ, তাই অন্য দেশে ম্যাচ আয়োজনের টাকা দিতে হবে তাদেরই। সেই কারণে আইসিসির থেকে বাড়তি টাকা পাবে তারা। তবে ভারত যদি ফাইনালে উঠতে না পারে তা হলে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে বলে জানা গিয়েছে।
ভারত প্রথম থেকেই জানিয়েছিল যে, পাকিস্তানে গিয়ে খেলবেন না রোহিতেরা। যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হচ্ছে। পাকিস্তান প্রথমে এতে রাজি ছিল না। অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয়। তবে তারা পাল্টা দাবি জানায় যে, ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এ দেশে আসবে না। নিরপেক্ষ দেশে খেলবে। পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না।