মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে কেন বাদ পড়লেন লিটন?

স্পোর্টস রিপোর্ট
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
MIRPUR, BANGLADESH - MARCH 14: Litton Das of Bangladesh during the 3rd T20 International match between Bangladesh and England at Sher-e-Bangla National Cricket Stadium on March 14, 2023 in Mirpur, Bangladesh. (Photo by Gareth Copley/Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে শতরান করেছেন লিটন দাস। ঢাকার হয়ে রাজশাহীর বিরুদ্ধে ৫৫ বলে ১২৫ রান করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন। কেন নেওয়া হয়নি তাঁকে? নিজেই কারণ জানিয়েছেন লিটন। বাংলাদেশের ব্যাটার জানিয়ে দিয়েছেন, ভাল খেলতে পারছিলেন না বলেই বাদ পড়েছেন তিনি। লিটন বলেন, “আমাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। নির্বাচকেরা হয়তো সরাসরি কিছু বলেননি। কিন্তু আমাকে না নেওয়ার কারণ খোঁজা কঠিন নয়। আমি ভাল খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি। এতে লুকনোর কিছু নেই। খুব সহজ একটা বিষয়।”

বাংলাদেশের হয়ে শেষ সাতটি এক দিনের ম্যাচে দু’অঙ্কের রান করতে পারেননি লিটন। ২০২৩ সালের অক্টোবর মাসে শেষ বার এক দিনের ক্রিকেটে অর্ধশতরান করেছিলেন তিনি। লিটন নিজেও জানেন, কোথায় খামতি তাঁর। তিনি বলেন, “ভক্তেরা আমার পাশে সবসময় রয়েছে। কিন্তু খারাপ খেললে তো সমালোচনা হবেই। তাই সে সব নিয়ে ভাবছি না। আমার খেলার উন্নতি করতে হবে। জানি, রাতারাতি কিছু হবে না। তাই চেষ্টা করেই যেতে হবে। রান করলে আবার সকলে ভালবাসবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ না পাওয়ায় অবশ্যই হতাশ হয়েছেন লিটন। তবে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আবার শূন্য থেকে শুরু করতে চান তিনি। লিটন বলেন, “আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। নিজের উন্নতি করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা খেলবে সেই সিদ্ধান্ত আমার হাতে ছিল না। তবে ভাল খেলা আমার হাতে। অতীতের কথা ভাবলে হবে না। আবার শূন্য থেকে শুরু করতে হবে। পরিশ্রম করতে হবে।”

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। লিটন ছাড়া আরও এক অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসানও জায়গা পাননি বাংলাদেশের দলে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, মাহমুদুল্লা, জ়াকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ় হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা।


এই বিভাগের আরো খবর