সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায় : মিন্টু

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘জামায়াত সবারই মিত্র ছিল। একেক সময় জামায়াত তাদের মিত্র পরিবর্তন করেছে। তারা স্বৈরচারের মিত্রও ছিল। সবার মিত্র ছিল। যারা বারবার মিত্রতা বদলায় আমি তাদের বলি, সুবিধাবাদী দল। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না।’রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়নে জেলার ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দরকার একটি রাজনৈতিক সরকার। একটি গণতান্ত্রিক দল। দেশের অর্থনীতি চালু রাখতে নির্বাচিত সরকারের কোনও বিকল্প নেই। নির্বাচিত সরকারই একটি ভঙ্গুর দেশ সংস্কার করতে পারে। একটি ঘরের অবকাঠামো ঠিক না করে দরজা-জানালা যেমন ঠিক করা যায় না। তেমনি জাতীয় সংসদ নির্বাচন না করে স্থানীয় সংসদ নির্বাচন করার যুক্তি নেই। যারা আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রকারীদের সঙ্গে নেই।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় নির্বাহী কমটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর