বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত।আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন শান্ত। ৪০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি নবম সেঞ্চুরি তার।
এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি শতক করেছেন শান্ত। এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হন তিনি।
এক্ষেত্রে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেলেন শান্ত। ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন মুশি। আর ৩০ ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পান শান্ত।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মোমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে ৩টি শতক হাঁকিয়েছিলেন মোমিনুল।
২টি করে সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ ৬ টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের।
অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।