ইমরানের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন সাবেক অধিনায়কেরা। ‘রেস টু ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ’-এর অনুষ্ঠানে এনডিটিভির সঙ্গে আলাপকালে কপিল দেব বলেন, ‘আইন সবার জন্যই সমান।’
তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমরা পাকিস্তানের কাছে অনুরোধ করতে পারি, তাকে আরও ভালো চিকিৎসা দিন। আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু তাকে আরও ভালো চিকিৎসা তো দেওয়া যায়।’
চিঠিতে আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগও পুনর্বহালের আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের প্রশাসনিক বিলম্ব বা বাধা ছাড়াই এই সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাবেক অধিনায়কেরা। একই সঙ্গে স্বাধীন মেডিকেল বোর্ড ইমরানের জন্য যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই আহ্বানও জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল এই উদ্যোগের সূচনা করেছেন। গত ছয় মাসে পাকিস্তান সরকারের কাছে আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এটি দ্বিতীয় আবেদন।
ভারতের সাবেক অধিনায়কদের মধ্যে এই আবেদনে স্বাক্ষর করেছেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারসহ আরও কয়েকজন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক এই আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন।
স্বাক্ষরকারীরা জানিয়েছেন, তাদের এই হস্তক্ষেপ কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়। ক্রিকেটের সঙ্গে তাদের অভিন্ন সম্পর্ক এবং একজন মানুষের মৌলিক মানবিক আচরণ পাওয়ার অধিকার নিয়ে উদ্বেগ থেকেই তারা এই আবেদন করেছেন।







