চ্যাম্পিয়ন্স ট্রফির দল আগামী ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। এই কারণেই তামিমের মতামত জানা জরুরি নির্বাচকদের জন্য। বেশ সময় ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও সিদ্ধান্ত কিছুই আসেনি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে লিপু বলেছেন, ‘কোনও আলোচনাতেই কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। আমাদের উপর বোর্ড আছে। আমরা বোর্ডের তরফ থেকে এসেছি, আমাদের তরফ থেকে কোনও অসুবিধা নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একজন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্রিকেটে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব কিংবা হতে পারে তার প্রিয় কোচের সঙ্গে আলাপ আলোচনার ব্যাপার থাকে। একটু সময় নেওয়ার ব্যাপার তো এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে। তার আগেই বোর্ডের কাছে দল দিতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট সময় আছে। তাড়াহুড়ো করার কিছু নেই।’
কয়েকদিন আগে শহীদ আফ্রিদির একটি ব্লগে তামিম জানিয়েছিলেন তার আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে গেছে। বুধবার এই বিষয়ে প্রধান নির্বাচকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কূটনৈতিক উত্তর দিলেন, ‘সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই বিষয়ে তার (তামিম) মুখ থেকে শোনাটা খুব বেশি জরুরি। আমার মনে হয় আমরা আরও দুই-একদিন অপেক্ষা করতে পারি।’
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। তামিমকে দলে চান নির্বাচকরা, কিন্তু তামিম নিজে চান কিনা সেটাই এখন দেখার। নির্বাচকরা জানিয়েছেন দুই একদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জল কম ঘোলা হয়নি। আরও একটি টুর্নামেন্টের আগে কী অপেক্ষা করছে, সেদিকেই নজর এখন সবার!







