সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

‘তারকা’ মাত্র ৪ জন! তৃণমূলের হয়ে ভোটের ময়দানে চিকিৎসক-ধর্মগুরু

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আসন্ন বিধানসভা ভোটে শাসক তৃণমূলের প্রার্থিতালিকায় ‘চমক’ কী? ‘চমক’ এই যে, তাতে কোনও ‘চমক’ নেই। আবার ‘চমক’ আছেও বটে। মঙ্গলবার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ ভাবে প্রার্থিতালিকা ঘোষণা করেছিলেন। গত ২৪ ঘণ্টা ধরেই সেই তালিকা নিয়ে দলের ভিতরে-বাইরে নানা কাটাছেঁড়া, বিচার-বিশ্লেষণ চলেছে। ২৪ ঘণ্টা পরে মোটামুটি সকলেই একমত যে, তৃণমূলের প্রার্থিতালিকায় আপাতদৃষ্টিতে কোনও ‘চমক’ নেই বলে মনে হচ্ছে বটে। কিন্তু ‘চমক’ রয়েছে। তবে সে চমক ‘অন্যরকম’।

সে ‘চমক’ হল সমাজের বিভিন্ন ক্ষেত্রের লোকজনকে তুলে এনে ভোটে দাঁড় করানো। যাকে ‘ভবিষ্যতের রাজনীতিক’ তৈরির প্রথম পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। লক্ষণীয়, মমতা-অভিষেকের ঘোষিত প্রার্থিতালিকায় ১০৩টি নতুন মুখ ঠাঁই পেয়েছে। তৃণমূলের ইতিহাসে যা বেনজির (ঘটনাচক্রে, ২০০৬ সালের বিধানসভা ভোটে বামফ্রন্ট তাদের প্রার্থিতালিকায় মোট ৯৪টি নতুন মুখ এনেছিল। সে বার বামফ্রন্টের ফলাফল অতীতের সমস্ত সাফল্যকে ছাপিয়ে গিয়েছিল। মোট ২৩৫টি আসন পেয়েছিল বামেরা)! পাশাপাশিই, রাজনৈতিক-অরাজনৈতিক সকলেই একবাক্যে প্রার্থিতালিকার যে বিষয়টির কথা উল্লেখ করছেন, তা হল তালিকায় টলিউডের প্রতিনিধি মাত্রই চার জন। যাঁদের ‘তারকা’ বলে চিহ্নিত করা যায়। তৃণমূলের ইতিহাস বলে, ভোটে তাদের ‘তারকা’ দাঁড় করানোর প্রবণতা দীর্ঘ দিনের। যে নামগুলিকে এত দিন ‘চমক’ বলে অভিহিত করা হত। এই প্রথম তার ব্যতিক্রম ঘটল। বস্তুত, নতুন ‘তারকা’ দাঁড় করানো তো দূরস্থান, বরং গত বারের দুই জয়ী ‘তারকা’ এ বার টিকিট পাননি। অর্থাৎ, সে অর্থে ‘চমক’ নেই। কিন্তু ব্যাপক অর্থে সেটিই ‘চমক’!
  • test
বস্তুত, গত লোকসভা ভোটের প্রার্থিতালিকায় ‘ভিন্নধারা’ তৈরির প্রবণতা দেখা গিয়েছিল। ২০২৪ সালের সেই প্রবণতাই ২০২৬ সালের বিধানসভা ভোটে আরও গতি পেয়েছে। দু’বছর আগের লোকসভা ভোটে সমাজের বিভিন্ন অংশ থেকে প্রার্থী করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক থেকে চিকিৎসক, হতদরিদ্র পরিবারের ছাপোষা সদস্যা থেকে দিনরাত রাজনীতি করা সংগঠক। মঙ্গলবার তৃণমূল যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও দেখা যাচ্ছে লোকসভার পথই আরও বিশদে অনুসৃত হয়েছে। লোকসভায় তবু রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো ‘তারকা’ টিকিট পেয়েছিলেন। বিধানসভায় তা-ও রাখেনি তৃণমূল। ২৯১ জনের (পাহাড়ের তিনটি আসন তৃণমূল ছেড়ে দিয়েছে অনীত থাপাদের জন্য) মধ্যে তথাকথিত ‘তারকা’ মাত্র চার জন! সেই চার জনের মধ্যে তিন জন গত বিধানসভা ভোটে জিতেছিলেন। তাঁরা হলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী লাভলি মৈত্র এবং অভিনেতা সোহম চক্রবর্তী। রাজ, লাভলি নিজেদের পুরনো কেন্দ্রেই টিকিট পেয়েছেন। কিন্তু সোহমকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নদিয়ার করিমপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ ‘তারকা’ হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যিনি বরাহনগরে জিতেছিলেন উপনির্বাচনে।


এই বিভাগের আরো খবর