কখনও প্রতিবেশী দেশের সাংসদের মৃতদেহ উদ্ধার হচ্ছে, কখনও ভিন্ রাজ্য থেকে পালিয়ে আসা দুষ্কৃতীদের থাকার জায়গা হিসাবে চিহ্নিত হচ্ছে। কখনও শহরের ব্যবসায়ীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কখনও আবার দফায় দফায় গ্রেফতার হচ্ছে জঙ্গির দল।অপরাধমূলক ষড়যন্ত্রের ঠেক থেকে নানা অসামাজিক কাজকর্মের অকুস্থল হিসাবে বার বার চিহ্নিত হচ্ছে শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অতিথিশালাগুলি। কিন্তু পুলিশ-প্রশাসনের সে দিকে নজর পড়ছে কি? কসবায় শাসকদলের পুরপ্রতিনিধিকে খুনের চেষ্টার ঘটনাতেও একই ভাবে একটি অতিথিশালায় বসেই সব পরিকল্পনা করার তথ্য সামনে আসায় নতুন করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিযোগ, এমন অতিথিশালাগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা তো দূর, আদতে তাদের সঙ্গে চলে আলাদা হিসাবের খেলা। সেই হিসাব মতো টাকা দিতে পারলেই সব ছাড়!