সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজশাহীতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে । দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থেকে কাজ করার আহ্বান জানান।

সকাল সাড়ে ৭টায় রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ৮টায় বড় মসজিদ-সংলগ্ন সাহেববাজার জিরো পয়েন্টেও ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।


এই বিভাগের আরো খবর