দেশে অস্থিরতা ও ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কথা জানান। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কোনও রুটিন সরকার নয়। এটা ছাত্রজনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে। চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে যে, আইনজীবী শহিদ সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।’
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্ব করেন। সেখানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাইন হোসেন, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।