গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বাকি ১৪২টি আসনে ভোট রয়েছে আগামী বুধবার, ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। বুথে গিয়ে ভোট দিয়েছেন ৯২.৮৮ শতাংশ মানুষ। পশ্চিমবঙ্গের ভোটারদের অভিনন্দন জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে কখনও এ রাজ্যে ভোটদানের এই বিপুল হার দেখা যায়নি। দ্বিতীয় দফাতেও আরও বেশি করে মানুষকে বুথমুখী হওয়ার আর্জি জানানো হয়েছে। একাংশের দাবি, এসআইআর-এর কারণে এ বার ভোটদানের হার এত বেশি। অনেকেই ভয় পাচ্ছেন, ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম কেটে যেতে পারে। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁরাও ভোট দিতে এসেছেন। তবে প্রথম দফাতেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। কোথাও এজেন্টকে বাধা দেওয়ার অভিযান, কোথাও ইভিএম খারাপ, কোথাও আবার নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপির তরফে কিছু বিষয় কমিশনের দৃষ্টিগোচর করা হয়েছে।