স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন হয়।
বিএনপি দলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের (পাবনা-৫) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রী বলেন, দেড় লাখ ইভিএম কেনার জন্য তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা ওই প্রকল্পের অডিট আপত্তি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত বর্তমানে চলমান রয়েছে। অব্যবহৃত ইভিএমগুলো এখন বিভিন্ন গোডাউন ও বিএমটিএফ-এ সংরক্ষিত আছে।







