বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ১ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। এই ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ৮১জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩শ ৩২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র ১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।