সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ (১৭ জুন, ২০২৬) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।


এই বিভাগের আরো খবর