শেখ হাসিনার পক্ষে যেসব আমলারা কাজ করেছে তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কোনও ব্যবস্থা নিচ্ছেন না মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, কিছুদিন আগে সচিবালয়ে আগুন লাগলো, বহু তথ্য পুড়ে গেছে। প্রধান উপদেষ্টার চারপাশে এখনও যে সব আমলারা আছেন, তারা অনেকেই হাসিনার আমলে লুটপাটের দোষর ছিল। তারা বিএনপির শতশত নেতাকে নির্যাতন-নিপীড়ন করেছিল, তাদের হাত ধরেই হাসিনা তিন তিন বার অবৈধ নির্বাচন করতে পেরেছে তাদের বিচার করেন।
তিনি বলেন, বিএনপি অফিস ভেঙ্গে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে পুলিশ মেহেদী ও ডিবি হারুন আমাদের গ্রেফতার করেছিল তাদের বিচার করুন। তাদের গ্রেফতার করুন। নাহলে কোনও সংস্কারই কাজে আসবে না।
বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত চায় উল্লেখ করে তিনি বলেন, হাসিনা গত ১৫ বছরে মানুষকে ভোট দিতে দেয়নি। বিএনপিসহ গণমানুষের দাবি— এই সরকারের কাছে দ্রুত নির্বাচন চাই। যারা বিএনপির সমালোচনা করছেন তাদের সমালোচনা ও একে অপরের প্রতি দোষারোপ ছেড়ে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
তৃণমূল নাগরিক কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এসময় অবস্থান কর্মসূচিতে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






