চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অস্থিতিশীলতা এবং “জনগণের মধ্যে তীব্র ক্ষোভ” তৈরি হবে বলে সতর্ক করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।সম্প্রতি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ২০২৬ সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ছাত্র-নেতৃত্বাধীন ভয়াবহ বিক্ষোভের ফলে ভারতের দীর্ঘদিনের মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হওয়া পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্ট মাস থেকে ১৭৩ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি শাসন করছে।
গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে বলেন, “আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে— তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করা এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া।”

ওয়াশিংটন ডিসি থেকে কথা বলতে গিয়ে মঈন খান দাবি করেন, “(নির্বাচন আয়োজনের জন্য) ডিসেম্বর মাস সাধারণভাবে সম্মত সময়সূচী। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”
ওয়াশিংটন ডিসি থেকে সাক্ষাৎকার দেওয়া এই বিএনপি নেতা সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে চাইছেন। তিনি দাবি করেন, “বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে। এর অর্থ হলো কিছু অস্থিরতা হয়তো… সময়ই সিদ্ধান্ত নেবে।”মঈন খান হলেন প্রথম সিনিয়র কোনও বিএনপি নেতা যিনি এই বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রীর পলায়ন এবং দেশের বাইরে অন্যান্য স্থানে অন্যান্য সিনিয়র নেতারা পলাতক থাকায় হাসিনার আওয়ামী লীগ মূলত ভেঙে পড়েছে। পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নতুন প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্র নেতারা বলেছেন, বাংলাদেশিরা এই দুটি প্রতিষ্ঠিত দল নিয়ে ক্লান্ত এবং সবাই পরিবর্তন চায়।
কিন্তু মঈন খান বলেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপ থেকে দেখা যাচ্ছে যে— আগামী বছরের মধ্যে যেকোনও নির্বাচনে দলটি (বিএনপি) সহজ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নির্বাচন ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান লন্ডনে স্ব-নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।