কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবা উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিল বের করা হয়। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করেই প্রায় ২০ জন নেতাকর্মীকে নিয়ে মিছিলটি শুরু হয়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত লেখা দেখা যায়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির মুখে মাস্ক ছিল। ফলে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মাস্ক না থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে শনাক্ত করা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মিছিলটি খুব অল্প সময় স্থায়ী হয়। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করেন। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা ছিল না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো সংগঠনের ব্যানারে এ ধরনের মিছিল বা সমাবেশ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, মিছিলের ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এবিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, এ সংক্রান্তে পবা থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মোতাবেক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।