সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেন,  পুলিশ এখনও ঘুষ খায়। তারা এখনও কোনও তদন্তে যায় না। থানায় মামলা নেয় না। দেশজুড়ে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। দেশজুড়ে ছিনতাই, দিনে-দুপুরে চলন্ত বাসের মধ্যে রেপ হয়। সরকার কোনোকিছু বন্ধ করতে পারেনি।  শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত দেশের বিভিন্ন স্থানে জেএসডি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানকে ফোন করেছি। তিনি যত্নের সঙ্গে আমার কথা শুনেছেন। এরপরে উনি তার দলকে কী নির্দেশ দিয়েছেন জানি না। কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, তারা এখন রাজনৈতিকভাবে শিষ্টাচার মেনে চলার চেষ্টা করবে।

সরকারকে উদ্দেশ করে মান্না বলেন, নির্বাচন করবেন বলেছেন ডিসেম্বরের মধ্যে। পুলিশ কি আপনাদের কথা শুনবে, নাকি নিজস্ব কোনও দলের কথা শুনবে! পুলিশের মধ্যে কোনও সংস্কার করতে পেরেছেন? কোনও ব্যক্তির বিশেষ নির্দেশে পুলিশ চলবে, ইউএনও চলবে, এরকম প্রশাসন এবং দেশ আমরা চাই না। আমাদের দল যত ছোট কিংবা বড় হোক না কেন, আমরা কোনও অন্যায়ের সামনে মাথা নত করবো না।

জাতীয় নাগরিক পার্টিকে স্বাগতম জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী সমৃদ্ধ করার কাজে ঐক্যবদ্ধ হয়ে সবার সঙ্গে কাজ করবে। আমরা সবসময় তারুণ্যের প্রশংসা করি। আমরা সব রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করে যা অর্জন করতে পারিনি, সেটা ঐ তরুণরা অর্জন করতে পেরেছে। আমরা চাই, আগামী গণতন্ত্রের যাত্রাপথে যথাযথভাবে নিয়ম মেনে প্রত্যেকে সবার প্রতি সহনশীল হয়ে, যুক্তিসঙ্গত কথা বলে এবং আরও উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী সমৃদ্ধ করবে।সমাবেশ ও বিক্ষোভ সমাবেশে এসময় গণতন্ত্র মঞ্চের আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর