পুলিশ বা সরকারি কর্মী সেজে সোজা বাড়িতে পৌঁছে যাচ্ছেন সাইবার প্রতারকেরা। ভুয়ো গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে ভয়ও দেখাচ্ছেন। তাঁদের ফাঁদে পা দিলেই বিপত্তি। এই মর্মে নয়ডায় একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। বিভিন্ন আবাসন কর্তৃপক্ষ ফ্ল্যাটগুলির বাসিন্দাদের হাতে সেই সতর্কবার্তা তুলে দিয়েছেন। যদিও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও অভিযোগ পায়নি বলে জানিয়েছে।
পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যান নিরাপত্তারক্ষীরা। প্রতারকদের বাড়িতে ঢুকতে দেন তাঁরা। তার পর একটি ফ্ল্যাটে গিয়ে তাঁরা দীর্ঘ ক্ষণ দরজায় কড়া নাড়েন। গ্রেফতারির ভয়ও দেখান। কিন্তু ওই ফ্ল্যাটের বাসিন্দারা দরজা খোলেননি। কিছু ক্ষণ পর আবাসন থেকে চলে যান অভিযুক্তেরা। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয় এলাকার প্রত্যেক আবাসনে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তাদের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সাইবার প্রতারণা এবং ‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশও। তাদের বক্তব্য, সাইবার অপরাধদমন শাখা চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ‘ডিজিটাল গ্রেফতারি’ থেকে বাঁচতে তৎপর হতে হবে সাধারণ মানুষকেই।