পোষ্য কোটা পুর্নবহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলে। কর্মসূচি চলাকালে কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, আমরা নিজেরাই কোটা শব্দটার বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এইসব সুবিধা দেওয়া হয়। আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল আমরা সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। তাছাড়া বাকি সব কর্মকর্তা -কর্মচারীরা পূর্ণ কর্মবিরতি পালন করছে। তিনি বলেন,জরুরি পরিষেবা হিসেবে শুধুমাত্র পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী-এই ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে।

এর আগে ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হন। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।