রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ফারুকের মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া পরিষদ

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

এনএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক ফারুকের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমান সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে তার অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতোপূর্বের মনোনয়ন বাতিল করা হলো। শেষে যোগ করা হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মূলত গত ৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরির পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুককে পরিচালক মনোনীত করা হয়। এনএসসি থেকে ববি পদত্যাগ না করলেও তার মনোনয়ন বাতিল করে। পরবর্তীতে একদিনের মধ্যেই মনোনীত পরিচালক ফারুক সভাপতি নির্বাচিত হন। ১০ মাস দায়িত্ব পালনের পর একই পরিণতি হলো তারও।

বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নাটক। আজ দুপুরের পর ফারুক জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। এরপরই বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেন। তারা হলেন- নাজমুল আবেদীন ফাহিম, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব আনাম, মঞ্জুরুল আলম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ ও সালাউদ্দিন চৌধুরী। কেবল আকরাম খান সেই চিঠিতে সই করেননি। সেই চিঠি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে নিলো।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ আজ বুলবুলকে কাউন্সিলর করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান গত বছর চাকরি থেকে অবসরে যান৷

২০২১ সালে বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ছিলেন তিনি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ জন কাউন্সিলর মনোনয়ন করতে পারে। তার পরিবর্তে বুলবুলকে মনোনীত করা হলো।

এই প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে রাতে বলেছেন, ‘শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে।’


এই বিভাগের আরো খবর