কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার একের পর এক খবর আসছে।
তিনি বলেন, ‘‘আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ বা কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে, সেই দাবি জানাচ্ছি। অন্যথায়, আমরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।’’
সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করে সিজেপি বলেছে, চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতজুড়ে আন্দোলকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপি শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার শর্ত দিয়েছিল।







