আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি পাকিস্তানের তিন স্টেডিয়াম। ছবি বলছে, না। এখনও অনেক কাজ বাকি। এ দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির মুখে উল্টো কথা। তিনি জানিয়েছেন, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। সময়ের আগেই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। এই বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ়ের মাঠ বদলে দিয়েছে তারা।
প্রথমে ঠিক ছিল, মুলতানে হবে এই ত্রিদেশীয় সিরিজ়। কিন্তু পরে সিদ্ধান্ত হয়েছে, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও করাচির লাহোর স্টেডিয়ামে খেলাগুলি হবে। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠগুলি কতটা তৈরি তা দেখে নিতে চাইছে পাক বোর্ড। সেই কারণে, লাহোর ও করাচিতে খেলা হবে। তা হলে পিচের সঙ্গেও ক্রিকেটারেরা সরগর হয়ে যাবেন।